English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ০১:১২

রাত ১২টা ১ এ হাসিনাকে দাওয়াত দিলেও, খালেদাকে দেননী!

নিজস্ব প্রতিবেদক
রাত ১২টা ১ এ হাসিনাকে দাওয়াত দিলেও, খালেদাকে দেননী!

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আগামী ২০ মার্চ। ৮৬তম জন্মদিনে রাতের ডিনার পার্টিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও এখনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জানানো হয়নি।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির পক্ষ থেকে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ডিনারের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রটি বুধবার গণভবনে পৌঁছানো হয়েছে জানিয়েছেন তিনি।

তিনি জানান, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রী ও উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দল এবং দেশের শীর্ষ রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, দলীয় সংসদ সদস্য, আমলা, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

রওশন এরশাদ ওই অনুষ্ঠানে যাবেন কি না, জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার বাংলামেইলকে বলেন, ‘আমি নিজে গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। আশা করি তিনি আসবেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে যদি দেশের বাইরে চলে যান তাহলে আসতে পারবেন না।’

বিএনপির চেয়ারপারসনকে এরশাদের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানোর গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত তা জানানো হয়নি।

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিএনপিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। কারণ তারা এখন কাউন্সিল নিয়ে ব্যস্ত। আমন্ত্রণ জানাব কি না, এ ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।’

আগামীকাল শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ৮৬ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করা হবে। পাশাপাশি তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। 

পরদিন রোববার সকাল ১০টায় রাজধানীর গুলশান ইমানুয়েল কনভেনশন সেন্টারে জন্মদিনের কেক কাটার পর সেখানে দুপুরে নেতা-কর্মীদের আপ্যায়ন করা হবে। পাশাপাশি সারাদেশে চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে কেককাটা, আলোচনাসভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ রওশনপন্থি হিসেবে পরিচিত জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।