English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৮:৪৮

৭ মার্চের ভাষণ আজ সারাবিশ্বে স্বীকৃত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৭ মার্চের ভাষণ আজ সারাবিশ্বে স্বীকৃত: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বাংলার মানুষকে অন্ধকার থেকে টেনে তুলে এনেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, তিনি নীতির প্রশ্নে আপোস করেন নি। স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। মর্যাদা দিয়ে গেছেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন করেন তিনি। তারপর থেকে ছয়দফা, তারপর স্বাধীনতা এভাবে ধাপে ধাপে তিনি এগিয়ে গেছেন। স্বাধীনতার প্রস্তুতি তিনি নিয়েছিলেন সেই ১৯৪৮ সাল থেকে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে। সোমবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতেই সবাই বুঝে গেছেন কি করতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার পরই তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তিনি সব প্রস্তুতি আগে থেকেই রেখে গিয়েছিলেন। কিভাবে যুদ্ধ হবে, কোথা থেকে অস্ত্র আসবে সবই হিসেব করা ছিল। একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা ভূ-লুণ্ঠিত হয়েছিল। জিয়াউর রহমান ও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। বিএনপি নির্বাচন হতে দিবে না। তারা মানুষ পুড়িয়েছে। ককটেল দিয়ে আগুন দিয়ে তারা আন্দোলন করবে। সরকার উৎখাত করবে। কিন্তু আমরা তাদের কাছে আত্মসমর্পণ করিনি। হাজার হাজার মানুষ দগ্ধ অবস্থায়। আমরা এখনো সেই চিকিৎসা করছি।