English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৫:০৮

পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনকালে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করেছেন। 

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সফল বাস্তবায়ন এক অনুষ্ঠানে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। 

বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের উন্নতি ও সমৃদ্ধির কথা তুলে ধরে বাংলাদেশের সোনালী আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের যে সম্পদ আছে, তা কাজে লাগিয়ে আমাদের চলতে হবে। কারও কাছে হাতে পেতে নয়।

শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সাল জাতির পিতা পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরই) প্রতিষ্ঠা করেন। পাটজাত পণ্য উৎপাদন ও রফতানি সংস্থা ‘বিজেএমসি’ গঠন করা হয়। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর পাটখাতে নেমে আসে ভয়াবহ বিপর্যয়।

তিনি বলেন, ১৯৯১ সালে পার্লামেন্টে পাটকল বন্ধের কথা তোলা হয়। অন্যদিকে, ঠিক সেই সময়েই ভারত পাটশিল্পকে গুরত্ব দিয়ে পাটকল চালু করতে থাকে। কিন্তু সোনালী আঁশের দেশ হলেও আমাদের দেশে বন্ধ হতে থাকে পাটকলগুলো। ২০০২ সালের ৩০ জুন এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজী মিল বন্ধ করে দেয় বিএনপি। এতে মিলের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেকার হয়ে পড়ে।