English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১০:২৬

আজ আখেরি মোনাজাত, তুরাগতীরে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
আজ আখেরি মোনাজাত, তুরাগতীরে মানুষের ঢল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আজ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হতে যাচ্ছে ইজতেমা। ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রায় বিশ বছর ধরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুল হাসান। তিনি দুই বছর আগে মারা যান। এর পরের বছরের মোনাজাত পরিচালনা করেন ভারতের আরেক শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সাদ। এবারও তিনিই মোনাজাতের আগে হেদায়েতি বয়ান এবং মোনাজাত পরিচালনা করবেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখো ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো মুসল্লিরা আসছেন টঙ্গীর ইজতেমা ময়দানে। টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তারা মুরব্বিদের বয়ান শুনছেন। মুসল্লিরা বলছেন, ইজতেমায় অংশ নিয়ে তাঁরা দেশ, জাতি ও বিশ্ব মানবতার জন্য দোয়া করবেন। ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। সব ধরনের নাশকতার পরিকল্পনা ঠেকিয়ে দিতে ইজতেমা ময়দানে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।