English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ০৮:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও বিশ্ববাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন

প্রধানমন্ত্রী :পুরাতন বছরের জঞ্জাল ভুলে নতুন বছরে শান্তি ও সমৃদ্ধি কামনা
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও বিশ্ববাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও বিশ্ববাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে পুরাতন বছরের জঞ্জাল মুছে নতুন বছর যেন সবার জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আনে সেই কামনাও করেছেন তিনি।

বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ ২০১৬ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারাবাহিকতারক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৫ সালকে বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নতুনের আহ্বানে পুরাতন বছরের সব জঞ্জাল ধুয়ে-মুছে যাক। নতুন বছর আমাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক।

শেখ হাসিনা বলেন, আসুন মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠা করি।

বাণীতে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা, বিএনপি-জামায়াতের আন্দোলন ও তাদের সহিংসতার কথাও বলেন। একইসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রগতিমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

বাণীতে প্রধানমন্ত্রী ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশবিষয়ক সর্বোচ্চ ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’, তথ্যপ্রযুক্তি প্রসারের জন্য আইটিইউ পুরস্কার অর্জনসহ নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকার পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের কাজের উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক শান্তিসূচক, ক্ষুধাসূচক, খাদ্যসূচক, লিঙ্গ-বৈষম্যসূচক, শিশু ও মাতৃমৃত্যু হার, বৈশ্বিক সমৃদ্ধিসূচক, বিশ্বগণমাধ্যম সূচকসহ সবক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং অনেকক্ষেত্রে ভারতের চাইতে বাংলাদেশের অবস্থান ভালো।’

ধানমন্ত্রী বাণীতে ছিটমহলবাসীর ৬৮ বছরের মানবেতর জীবনের অবসানের কথাও উল্লেথ করেন।